ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবীদের সংগঠন ভয়েস অব ল’ইয়ার্স এই সমাবেশের আয়োজন করে।
ভয়েস অব ল’ইয়ার্সের আহ্বায়ক আশরাফ উজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তৈমূর আলম খন্দকার।
বক্তারা বলেন, ইরান ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মুসলিম বিশ্বের জন্য উদ্বেগজনক। তারা বলেন, ধারাবাহিক হামলার মুখে ইরান একাই প্রতিরোধ গড়ে তুলছে, কিন্তু মুসলিম বিশ্ব কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না।
তাদের ভাষ্য, মুসলিম বিশ্বকে ইরানের পক্ষে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে। ইরান দুর্বল হলে পর্যায়ক্রমে মুসলিম বিশ্বের অন্যান্য দেশেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালাতে পারে।
বক্তারা বলেন, এই প্রতিবাদ হয়তো যুদ্ধ থামাতে পারবে না, তবে শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে পারলে যুদ্ধ বন্ধে ভূমিকা রাখা সম্ভব।
সমাবেশে আরও বক্তব্য দেন আইনজীবী এস এম শাহজাহান, গিয়াস উদ্দিন আহমেদ, শাহ খসরুজ্জামান, মনির হোসেন, ফরিদ উদ্দিন খান, গোলাম মোস্তফা, জাকারিয়া সরদার ও মোস্তফা তাজ।
সমাবেশে সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম, হুমায়ুন কবির তানিমসহ সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী উপস্থিত ছিলেন। কর্মসূচি সঞ্চালনা করেন আইনজীবী পারভেজ হোসেন।
সমাবেশ শেষে আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে অ্যানেক্স কোর্ট ভবনের সামনে ঘুরে আবার সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়।
বক্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের ওপর হামলা বন্ধের আহ্বান জানান। অন্যথায় ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।


