ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হরমুজ প্রণালি অবরোধের সঙ্গে জড়িত ব্যক্তি বা পক্ষগুলোও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস জানান, সদস্য দেশগুলো এই বিষয়ে একমত হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি পররাষ্ট্রমন্ত্রীদের অনুরোধ করেন, মধ্যপ্রাচ্যে ইইউর নৌ মিশন আরও শক্তিশালী করতে।
কাজা কালাস বলেন, ‘এই নৌ মিশন বর্তমানে লোহিত সাগরে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠীর হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট। বিশ্বের একটি বড় অংশের তেল এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো ধরনের অবরোধ বা উত্তেজনা বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলে।’
সম্প্রতি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে উত্তেজনা বাড়ার পাশাপাশি সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে। বিশেষ করে লোহিত সাগরে হুথিদের হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে।
এই প্রেক্ষাপটে ইইউ একদিকে ইরানের ওপর চাপ বাড়াতে চাচ্ছে। অন্যদিকে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নৌ উপস্থিতিও জোরদার করছে।


