হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর রায়ে পাঁচটি গুরুতর অভিযোগ প্রমাণিত হয়নি। এতে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটি মামলার তদন্তের মান ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ প্রক্রিয়া পর্যালোচনার দাবি জানিয়েছে। একই সঙ্গে জুলাই গণহত্যা ও গুমের মামলার বিচারে দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচার চেয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার ও ৫ আগস্ট কুষ্টিয়ায় ছয় আন্দোলনকারীকে হত্যার নির্দেশের মতো গুরুতর অভিযোগগুলো সাক্ষ্যপ্রমাণের অভাবে প্রমাণিত হয়নি বলে ট্রাইব্যুনাল উল্লেখ করেছেন। এত গুরুত্বপূর্ণ অভিযোগ প্রমাণে ব্যর্থতার পেছনে তদন্তের কোনো দুর্বলতা ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণহত্যা ও বিগত স্বৈরাচারী শাসনামলের গুমের ঘটনাগুলোর বিচার প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব ও বহু মামলার তদন্ত শেষ না হওয়ায় তদন্ত সংস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এনসিপি জানান, জুলাই গণহত্যা ও গুমের ঘটনার সুষ্ঠু, স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্ব। এ ক্ষেত্রে বিলম্ব বা গাফিলতি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে।
বিজ্ঞপ্তিতে দলটি সব মামলার তদন্ত ও বিচার নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার দাবি জানিয়েছে। লক্ষ্য পূরণে চিফ প্রসিকিউটরের কার্যালয় ও তদন্ত সংস্থায় পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।


