নোয়াখালীতে অটোরিকশায় মাইক বেঁধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আলাউদ্দিন (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় জেলা শহর থেকে তাকে আটক করা হয়। আটক আলাউদ্দিন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে।
এর আগে সোমবার সকালে আলাউদ্দিন অটোরিকশায় মাইক বেঁধে শহরের প্রধান সড়কে ঘুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে (জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে) স্লোগান দেন। এক পর্যায়ে তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকলে স্থানীয় কয়েকজন তরুণ তাকে আটক করে পিটুনি দিয়ে ছেড়ে দেন। এ সময় তারা প্রচারে ব্যবহৃত অটোরিকশার চালককেও চড়-থাপ্পড় দেন এবং অটোরিকশা থেকে মাইক এবং অ্যামপ্লিফায়ার খুলে নেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মাইকে স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। কিন্তু তখন ওই যুবককে পাওয়া যায়নি। পরে ভিডিও ফুটেজ দেখে সন্ধ্যায় অভিযান চালিয়ে শহর থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়টি অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর আগে বিভিন্ন সময় কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বর্তমানে সেখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দৃশ্যমান না থাকলেও এই ঘটনাটি জনমনে কৌতূহল সৃষ্টি করেছে।


