মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসতে রাজি হয়েছেন। ‘খুব শিগগিরই’ তাদের এই বৈঠক হবে বলে জানিয়েছে বিবিসি।
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই নেতার বৈঠকের স্থানও ‘নীতিগতভাবে’ নির্ধারিত হয়েছে। এখন এর বিস্তারিত বিষয়গুলো নিয়ে কাজ চলছে।
এর আগে ট্রাম্প বলেছিলেন যে, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে তিনি রুশ এবং ইউক্রেন দুই দেশর নেতার সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে রাজি।
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছেন। উইটকফ এর আগে চারবার মস্কো সফর করেছেন, কিন্তু কোনো বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হয়নি। তবে সবশেষ সফরে তিনি পুতিনের কাছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেন।
যদিও ক্রেমলিন এই প্রস্তাব সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে জেলেনস্কি একটি বৈঠকের পক্ষে নিজের সমর্থন জানিয়েছেন। তিনি এটাও বলেছেন যে, যেকোনো আলোচনায় ইউরোপের অংশগ্রহণ জরুরি।
যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আরও ২০ কোটি ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরির জন্যও সহায়তা রয়েছে। তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত নিরসনে এর আগে ইস্তাম্বুলে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে তিন দফা আলোচনা হলেও তা ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য ট্রাম্পের দেওয়া সময়সীমা শুক্রবার শেষ হতে চলেছে।


