দেশের শীর্ষ আলেম ও ওলামাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতারা বিএনপিকে সমর্থন দিয়েছেন, যা বুধবার দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।’
বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তারেক রহমান বলেন, ‘জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ও ওলামাদের এ অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে।’
তিনি আরও বলেন, আলেম ও ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএনপি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে।’
ভবিষ্যতে ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চান তিনি।


