বান্দরবানের আলীকদম কুরুকপাতা ইউনিয়নে হামের উপসর্গ নিয়ে আরও এক ম্রো শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে তুমরাও ম্রো (১ বছর) নামের শিশুটি মারা যায়।
আলীকদম উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবার তাকে মুমূর্ষু অবস্থায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুটির বাড়ি মেনকওয়া ম্রো পাড়ায়।
এ নিয়ে হামে ভুগে শুধুমাত্র কুরুকপাতা ইউনিয়নেই ৫ শিশু প্রাণ হারাল।
আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার (ইউএইচএফপিও) মোহাম্মদ আবু হানিফ জানান, ১৩ মে পর্যন্ত এই উপজেলায় হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৩০৪ শিশু। এদের মধ্যে ২৬৩ জনকে হাসপাতালে এনে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এখনো চিকিৎসাধীন আছে ৭৩ জন।
গত এপ্রিলের শেষ দিকে আলীকদম উপজেলার কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় হামের প্রকোপ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের নির্দেশে কুরুকপাতা মৈত্রী প্রাথমিক বিদ্যালয় এবং পোয়ামুহুরীতে দু’টি ক্যাম্প হাসপাতাল স্থাপন করা হয়। এ দু’টি ক্যাম্প হাসপাতালে ৪১০ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দুর্গম এলাকার ঘরে ঘরে গিয়ে অসুস্থ শিশুদের হামের টিকা ও প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে আসছে।
সিভিল সার্জন শাহীন চৌধুরী বলেন, এই মুহূর্তে তারা জরুরি চিকিৎসা সেবা দেওয়ার দিকেই গুরুত্ব দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্বাস্থ্য সেবায় অবহেলার বিষয়গুলো খতিয়ে দেখা হবে।


