বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি আপনাদের ঘরের সন্তান তারেক বলছি। বহু বছর পর আপনাদের এলাকায় এসেছি। আগে যখন আসতাম, এলাকা ঘুরে আপনাদের সঙ্গে কথা বলতাম, কাজকর্ম দেখতাম। এবার ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি।’
শনিবার দুপুরে বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এবং শেরপুর–ধুনট এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
বগুড়া-৭ আসন (গাবতলী–শাজাহানপুর) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে পথসভায় বক্তব্য দিয়ে তারেক রহমান বলেন, ‘এই এলাকার উন্নয়ন এবং মানুষের দুঃখ-কষ্ট দেখভালের দায়িত্ব আমি মিল্টনের ওপর দিয়ে গেছি। আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। মিল্টনের মাধ্যমে গাবতলী ও শাজাহানপুরের মানুষের সব কাজ এগিয়ে নেওয়া হবে।’
এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘ধানের শীষকে জয়যুক্ত করবেন তো?’ জবাবে উপস্থিত জনতা হাত তুলে সমস্বরে ‘হ্যাঁ’ বলেন।
বক্তব্যের শেষে তিনি বলেন, ‘আজকে যাচ্ছি। আমি তো ঘরের ছেলে। আবারও আসব। আমার জন্য দোয়া করবেন, যেন দেশের জন্য কাজ করতে পারি।’
বগুড়া-৭ আসনের গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে তারেক রহমানের পৈতৃক বাড়ি রয়েছে। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে এই আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেন।

এবারও তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হলেও মৃত্যুর কারণে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।
এর আগে বেলা ১১টায় বগুড়ার হোটেল নাজ গার্ডেনের বলরুমে নিজ নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, ‘বগুড়া বিএনপির ঘাঁটি। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের হাতে দিলাম। এই ঘাঁটি এবং এখানকার মানুষদের দেখভাল করবেন।’
এদিকে, শেরপুর-ধুনট এলাকায় আয়োজিত আরেক পথসভায় ভোটারদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘বহু বছর পর আবার আপনাদের কাছে ফিরে এসেছি। এ জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ১২ ফেব্রুয়ারি দেশে বহু প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতীতে প্রতিটি নির্বাচনে শেরপুর-ধুনটবাসী ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করেছে। যতবার ধানের শীষ জয়ী হয়েছে, ততবার এই এলাকার উন্নয়নে কাজ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এবারও আপনাদের কাছে আবেদন, ধানের শীষের প্রার্থী সিরাজ সাহেবকে জয়যুক্ত করবেন। সবাই ভালো থাকবেন। নির্বাচনের পর আবার দেখা হবে।’
পথসভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন, সেখানে তিনি একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেন।


