জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, প্রতিটি জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে থাকেন।
তিনি বলেন, গণতন্ত্রকে প্রকৃত অর্থে অর্থবহ করতে রাষ্ট্রের ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রকে সঠিক পথ বেছে নিতে হবে এবং আগামী দিনগুলোতে আমলাদের শাসক নয়, বরং জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
সোমবার জাতীয় সংসদের শপথ কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আয়োজিত ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, বিগত ১৬ বছরের আওয়ামী সরকারের শাসনামলে নির্বাচন ব্যবস্থা ছিল নজিরবিহীন দুর্নীতিগ্রস্ত ও ত্রুটিপূর্ণ। সেই প্রেক্ষাপটে জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সামগ্রিক নির্বাচন প্রক্রিয়াকে অবাধ ও সুষ্ঠু করতে জেলা প্রশাসকদের সুদৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মানুষ আজন্ম গণতন্ত্রকামী। সাধারণ মানুষের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র সুসংহত হয়েছে। ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এদেশের মানুষের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে অনন্য। তিনি স্মরণ করিয়ে দেন, একাত্তরের বাংলাদেশ বাঙালি জাতির অসীম সাহস ও ত্যাগের এক চিরন্তন স্মারক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। জেলা প্রশাসকদের পক্ষ থেকে বক্তব্য দেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং রাজশাহীর বিভাগীয় কমিশনার এ এন এম বজলুর রশীদ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদ হলো গণতন্ত্রের প্রাণকেন্দ্র। সংসদীয় বিতর্ক ব্যবস্থাকে দুর্বল করে না বরং আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনায় আরও শক্তিশালী ভূমিকা রাখে। সংসদ থেকে প্রণীত আইনগুলো নির্বাহী বিভাগই মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে থাকে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, জেলা প্রশাসকরা মূলত সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। সরকারের কেন্দ্রীয় নীতি ও কর্মসূচিগুলো মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়নে তাদের ভূমিকা অত্যন্ত অর্থবহ।
অনুষ্ঠান শেষে স্পিকার বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় করেন এবং একটি ফটোসেশনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারসহ জাতীয় সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


