বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার, এর আগে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণের পর পরিচালক হিসেবে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। অবশ্য বিসিবির অন্তর্বর্তীকালীন বোর্ডের সভাপতি দায়িত্বেও চার মাস ছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।
বিসিবি সংবিধান অনুযায়ী, সভাপতি নির্বাচিত হন পরিচালকদের ভোটের মাধ্যমে, যারা নিজেরাই নির্বাচিত হন কাউন্সিলরদের ভোটে। ক্যাটাগরি-১ থেকে ঢাকা বিভাগের পরিচালক পদে মনোনয়ন জমা দিয়েছিলেন বুলবুল। সেখান থেকে নির্বাচিত হয়ে সভাপতি পদের জন্যও একাই নাম দাখিল করেন। আর কেউ না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন তিনি।
দুটি সহ-সভাপতি পদেও একইভাবে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন (বরিশাল, ক্যাটাগরি-১) ও ফারুক আহমেদ (রেঞ্জার্স ক্রিকেট একাডেমি, ক্যাটাগরি-২)। এই দুই পদের জন্য কেবল দুজনই মনোনয়ন জমা দিয়েছিলেন। ক্যাটাগরি-১’এ পরিচালক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাখাওয়াত নির্বাচিত হলেও ফারুক আহমেদ ক্যাটাগরি-২ থেকে পেয়েছেন ৪২ ভোট।


