আবারও ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতুতে ফাটল

আবারও ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতুতে ফাটল
বাসন্ডা বেইলি সেতু | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঝালকাঠির গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থল বাসন্ডা বেইলি সেতুতে আবারও ফাটল দেখা দিয়েছে। সোমবার সকালে সেতুর পশ্চিম প্রান্তে নতুন করে এই ফাটল দেখা যায়। এতে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ভারী যান চলাচলের সময় সেতুর পশ্চিম পাশের একটি অংশে ফাটল চোখে পড়ে। বিষয়টি জানাজানি হলে সড়ক ও জনপথ বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে।

তবে, এর আগে সেতুর দুই পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে যানজট লেগে যায়। এতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে।

দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা বেশি সময় সড়কে কাটাতে হয়। জরুরি কাজে যাতায়াতকারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ পেতে দেখা যায়।

আরও পড়ুন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা ঘণ্টাব্যাপী যানজট নিরসনে কাজ করেন। এক পর্যায়ে সীমিত আকারে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সড়ক বিভাগ জানিয়েছে, আপাতত ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা হয়েছে, তবে সেতুটির স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এই সেতুতে এর আগেও একাধিকবার ফাটল ও কাঠামোগত সমস্যার সৃষ্টি হয়েছে। বারবার অস্থায়ী সংস্কার করা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি ঘটছে। তারা দ্রুত টেকসই মেরামত কিংবা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। সেতুটির নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান বলেন, ‘বাসন্ডা সেতুতে ফাটল দেখা দেয়ার বিষয়টি আমাদের নজরে আসলে দ্রুত মেরামত করা হয়।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad