সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি হিসেবে দুইজনকে মনোনয়ন দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সোমবার আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাসানুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেম্বার জজ-১ হিসেবে বিচারপতি মো. রেজাউল হককে এবং চেম্বার জজ-২ হিসেবে বিচারপতি ফারাহ মাহবুবকে প্রধান বিচারপতি মনোনয়ন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চেম্বার জজ-১ বিচারপতি মো. রেজাউল হক সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার এবং চেম্বার জজ-২ বিচারপতি ফারাহ মাহবুব সোমবার ও বুধবার দুপুর সোয়া ২টা থেকে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।
চেম্বার জজ-২ বিচারপতি ফারাহ মাহবুব শুধু চলতি সপ্তাহের জন্য মঙ্গলবার দুপুর সোয়া ২টা থেকে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।


