ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত করেছে চারুকলা অনুষদ কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের পেছনে ‘অনেকের আপত্তি’ ও ‘গন্ডগোলের আশঙ্কা’র কথা বলা হয়েছে।
শুক্রবার চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ টাইমস অব বাংলাদেশকে জানান, অনুষ্ঠানটি বাতিল করা হয়নি কেবল স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, ‘অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তবে বাতিল করা হয়নি। এছাড়া, আগামীকাল একটি সভা অনুষ্ঠিত হবে, সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
চারুকলার বকুলতলায় গত ১৯ বছর ধরে শরৎ উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। সে ধারাবাহিকতায় এবছরই উৎসবের অনুমতি নেওয়া হয়েছিল, নিয়ম অনুযায়ী নির্ধারিত অর্থও জমা দেওয়া হয়েছিল।
কিন্তু অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে মালামাল নিয়ে গেলে সেখানে তাদের ঢুকতে দেওয়া হয়নি। তখনই জানানো হয় স্থগিতের সিদ্ধান্তের কথা।
সত্যের সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, ‘আমরা প্রকৃতির বন্দনা করি; এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে এই অনুষ্ঠান করছি, আর আমরা কোনো ভূঁইফোড় সংগঠন নই।’
তাকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে আখ্যা দেওয়া নিয়েও আপত্তি তোলেন মানজার। তিনি বলেন, ‘আওয়ামী লীগের নাম গন্ধে কোথাও কোনোদিন ছিলাম না।’
এ ঘটনায় উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, ‘এর ফলে সারা বিশ্বে একটি নেতিবাচক বার্তা গেছে।’
চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম টাইমসকে বলেন, ‘ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে অনেকের আপত্তি এবং সম্ভাব্য গণ্ডগোলের ইঙ্গিত পাওয়ায় অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’
তার দাবি, শরৎ উৎসব পালনে অনেক জায়গা থেকে টেলিফোন করে আপত্তি জানানো হয়েছে। ফলে এই উৎসব করার অনুমতি দিলে ‘গন্ডগোল’ হওয়ার শঙ্কা রয়েছে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরে বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টির ব্যাখ্যা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।
সেখানে বলা হয়, ‘চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে বিধায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব আলোজনের আবেদনপত্রে বরাবরের ন্যায় অনুমোদন প্রদান করে।’
‘পরবর্তীতে গত ০৯-১০-২০২৫ তারিখ উল্লেখিত অনুষ্ঠান আয়োজকদের একজন ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত থাকায় ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ কর্তৃক উৎসবটি বন্ধের জন্য চারুকলা অনুষদ বরাবর একটি আবেদনপত্র প্রদান করেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর লক্ষ্যে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাথে যোগাযোগ করে আপাতত অনুষ্ঠানটি স্থগিত করা হয়।’
শনিবার অনুষদের শিক্ষক ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সঙ্গে আলোচনা করে ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি বা সংগঠনের বিষয় খতিয়ে দেখে স্থগিত অনুষ্ঠানটি পরে করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


