রাজধানী ঢাকার মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বিদেশি ইন্টার্ন চিকিৎসকেরা। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের ঘটনার পরিপ্রেক্ষিতে এই ইন্টার্নদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে তাদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য সচিবের দপ্তরে স্মারকলিপি জমা দেয়। এর আগে সোমবার একই দাবিতে তারা স্বাস্থ্য অধিদপ্তরে গেলেও মহাপরিচালকের সঙ্গে দেখা না হওয়ায় পরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যান।
মন্ত্রণালয়ে জমা দেওয়া স্মারকলিপিতে বিদেশি ইন্টার্ন চিকিৎসকেরা অভিযোগ করেন, হাসপাতালটির লাইসেন্স বাতিলের ফলে তাদের ইন্টার্নশিপ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা দ্রুত হাসপাতালটি পুনরায় চালুর দাবি জানান।
বিদেশি শিক্ষার্থীদের দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অন্য হাসপাতালে ইন্টার্নশিপ শেষ করার পরামর্শ দেওয়া হলেও তা তাদের জন্য জটিলতা তৈরি করবে। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ভারতের ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নিয়মে যে প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করা হয়, ইন্টার্নশিপও সেই প্রতিষ্ঠানের হাসপাতালেই সম্পন্ন করতে হয়। ফলে অন্য হাসপাতালে স্থানান্তরিত হলে তাদের ডিগ্রির স্বীকৃতি নিয়ে জটিলতা তৈরি হতে পারে।
বিদেশি শিক্ষার্থীদের পাশাপাশি হাসপাতালের লাইসেন্স সংক্রান্ত জটিলতায় শিক্ষা জীবন শেষ করা নিয়ে অনিশ্চিয়তায় পড়েছেন কয়েকশ দেশি চিকিৎসা শিক্ষার্থীও।
প্রসঙ্গত, গত ১১ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হাসপাতাল থেকে রোগী স্থানান্তরের জন্য বলা হয়। পরে সেখানে চিকিৎসাধীন রোগীদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সূত্রপাত হয় গত ২৭ মে ভোরে। সেদিন হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয়।


