রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারা ফোরদৌস (৩২) নামে এক চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালের দিকে ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত নাজুলা ফেরদৌসের গ্রামের বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন। তার বাবার নাম আব্দুর রশিদ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে খাটের ওপর বসা ও টেবিলের ওপর মাথা রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত ছিল।
তিনি আরও জানান, মৃত ফারা ফেরদৌস সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি ৩৯তম বিসিএস উত্তীর্ণ হয়েছিলেন। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমএস কোর্স করছিলেন। তিনি আজিজ সুপার মার্কেটের ওই কক্ষে একাই থাকতেন। তার বড় বোন নাজুলা ফেরদৌস আজিজ সুপার মার্কেটের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন। তিনিও মেডিকেলের চিকিৎসক। গত মঙ্গলবার বোন ফারা ফেরদৌসের সঙ্গে শেষ কথা হয় তার। এরপর আর কথা হয়নি।
এসআই জানান, পাশের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে একজন তার বোন নাজুলা ফেরদৌসকে বিষয়টি জানান। পরে পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক বা অতিরিক্ত মানসিক চাপ ও ঘুমের ওষুধ সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

