নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
বুধবার ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলীর সই করা এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, মো. মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা ১৮৬ ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী। গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে তিনি তার অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছেন, যা ঢাকা পোস্টে সংবাদ আকারে প্রকাশিত হয়েছে।
নোটিশে আরও বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো নিষিদ্ধ। যেহেতু ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি নির্ধারিত, সেহেতু ১৩ জানুয়ারি প্রচার চালানো বিধির লঙ্ঘন।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী শনিবার বিকাল ৫টার মধ্যে মামুনুল হককে নিজে অথবা একজন প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।


