শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ দুইটি পিক আপে ভ্যানে মাছগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার।
এসব ইলিশ ভারতে রপ্তানি করেছে যশোরের বেনাপোলের মাহতাব অ্যান্ড সন্স। মাছের আমদানিকারক আগরতলার পরিতোষ বিশ্বাস।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘এবার দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ৩৭টি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে।’
স্থলবন্দরের মাছ রপ্তানিকারক নেছার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘দুইটি পিক আপ ভ্যানে করে ৫৩টি বক্সে ১ হাজার ১৯২ কেজি মাছ পাঠানো হয়। বিকালে আরও কিছু ইলিশ পাঠানোর কথা রয়েছে।’


