অস্ট্রেলিয়ার পথে গোয়া: শিশুদের জন্য বন্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া

অস্ট্রেলিয়ার পথে গোয়া: শিশুদের জন্য বন্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
Advertisement
Advertisement

ভারতের অন্যতম প্রধান পর্যটন রাজ্য গোয়া শিশুদের জন্য অস্ট্রেলিয়ার মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, ১০০ কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারীর এই দেশে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর ঝুঁকির বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ায় এমন পদক্ষেপের কথা ভাবা হচ্ছে।

রয়টার্স জানায়, মেটা, গুগল-এর ইউটিউব এবং এক্স-এর মতো প্রযুক্তি জায়ান্টদের জন্য ভারত অন্যতম বড় বাজার। ধারণা করা হয়, ভারতে ১৮ বছরের কম বয়সী জনগোষ্ঠীর বিশাল একটি সংখ্যা এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। কিন্তু শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দেশটিতে কোনো জাতীয় কঠোর নিয়ম নেই। এমনকি কেন্দ্রীয় সরকার এমন কিছু করার পরিকল্পনা করছে কি না তারও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

গোয়ার তথ্যপ্রযুক্তি মন্ত্রী রোহান খাউন্তে জানিয়েছেন, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা খতিয়ে দেখতে তারা অস্ট্রেলিয়ার আইনটি পর্যালোচনা করছেন। এই সপ্তাহে সাংবাদিকদের তিনি বলেন, “সম্ভব হলে আমরা ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করব। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”

আরও পড়ুন

পাঁচ কোটি ৩০ লাখের বেশি জনসংখ্যার দক্ষিণ ভারতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশও জানিয়েছে যে, তারা একই ধরনের ব্যবস্থা নেওয়ার বিষয় খতিয়ে দেখছে। অন্যদিকে গোয়া আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য এবং এর জনসংখ্যা ১৫ লাখের কিছু বেশি।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। মেটা, গুগল এবং এক্স-ও এই পরিকল্পনা সম্পর্কে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশ সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের এই ধরনের নিয়ন্ত্রণমূলক প্রচেষ্টাগুলো পর্যালোচনা করার জন্য ঊর্ধ্বতন মন্ত্রীদের নিয়ে একটি প্যানেল গঠন করেছে। তারা এক মাসের মধ্যে তাদের সুপারিশ পেশ করবে।

গত বছর অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে। প্রথম মাসেই তারা কিশোর-কিশোরীদের ৪৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। ফ্রান্স, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াও অস্ট্রেলিয়ার এই উদ্যোগটি পর্যবেক্ষণ করছে যাতে তারাও একই ধরনের আইন কার্যকর করতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad