ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা, দোকানপাট ও অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে এই অভিযান বুধবার শুরু হচ্ছে। চলবে ৫ এপ্রিল পর্যন্ত। রাজধানীর একাধিক জোনে একযোগে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিন সকাল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এ নিয়ে মাইকিং করে এ বিষয়ে জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান, যানবাহনের অবৈধ পার্কিং, ফুটপাত দখল, গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকানসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির তথ্য অনুযায়ী, রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান ট্রাফিক বিভাগসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হবে।
প্রতিটি এলাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে অভিযান শুরু হবে এবং সংশ্লিষ্ট ট্রাফিক জোনের কর্মকর্তারা সরাসরি তদারকি করবেন।
ডিএমপি আরও জানিয়েছে, নগরীর যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনসাধারণের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ এবং প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করবে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এ নিয়ে মাইকিং করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।


