সারাদেশে ‘মব সংস্কৃতি জেঁকে বসেছে’ উল্লেখ করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের এমন দুর্বল শাসনের মধ্যে অর্থনীতি পরিচালনা সম্ভব না। এজন্য দ্রুত নির্বাচন দরকার।’
শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংক একীভূতকরণ নিয়ে ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাহমিদা খাতুন বলেন, ‘ব্যাংক একীভূতকরণে অবশ্যই ঝুঁকি রয়েছে। একীভূতকরণের প্রক্রিয়াটি জটিল। বাংলাদেশ ব্যাংক যদিও দুই বছরের কথা বলছে, তবে তাতে তিন থেকে চার বছর লেগে যাবে।’
রাজনীতি ও অর্থনীতি পাশাপাশি চলে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত বেশি হবে, অর্থনীতির ক্ষতি তত বেশি বাড়বে। আগে একীভূতকরণের খুব ভালো উদাহরণ নেই আমাদের দেশে। ব্যর্থ হলে দায়ভার বর্তমান কর্তৃপক্ষের ওপরেই বর্তাবে। সফল হলে আরও অনেক দূরে আগানো যাবে। সফল হতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা আবশ্যক বলেই উল্লেখ করেন ফাহমিদা খাতুন।
ফাহমিদা বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে আইন দরকার। যারা আইন বাস্তবায়ন করছেন তাদের সততাও প্রয়োজন।
ছায়া সংসদ পরিচালনা করেন আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ছায়া সংসদে সরকার দলের হয়ে অংশ নেন সাউথইষ্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিরোধী দলে ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকার বিতর্কিতরা। ছায়া সংসদ বিতর্কে বিরোধীদল জয় পায়।
বিরোধীদলের বক্তারা বলেন, ব্যাংক খাত থেকে পাচারের টাকার ভাগ সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বোন শেখ রেহানার কাছেও গেছে।
‘বিগত এক বছরে অন্তর্বর্তী সরকার পাচারের অর্থ ফেরাতে ব্যর্থ হয়েছে’ উল্লেখ করে তারা বলেন, যে প্রক্রিয়ায় পাঁচ ব্যাংক একীভূত করা হচ্ছে তা দেখে অন্য ব্যাংকগুলোর বোর্ড শিখবে, লুট করলে সরকার টাকা সরবরাহ দিয়ে ব্যাংক ঠিক করে দেবে।


