গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা রানী দাসকে এলোপাতাড়ি কুপিয়ে গলাকেটে হত্যার পর জাতীয় পরিসেবা নম্বর ৯৯৯-এ ফোন করে থানায় খবর জানায় ঘাতক স্বামী উদ্ভব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে স্বামীকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
রোববার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সীমা রানী দাস (২৫) ও তার স্বামী উদ্ভব (৩৫) উপজেলা রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বাসিন্দা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীকে হত্যার পর ৯৯৯ ফোন করে পুলিশে জানায় ঘাতক স্বামী। ঘটনাস্থল হতে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে । নিহতের গলাকাটা ছিল এবং মাথায় আঘাত ছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে ।


