সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর অঘোষিত ফাইনাল—বাংলাদেশ বনাম নেপাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় এই হাই-ভোল্টেজ ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়ে এগিয়ে আছে লাল-সবুজের মেয়েরা। নির্ধারিত ছয় দলের রাউন্ড-রবিন লিগে আজকের ম্যাচটিই নির্ধারণ করবে, কে হবে চ্যাম্পিয়ন। সেই যুদ্ধে শুরুটা করলেন সাগরিকা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ ছিল গোছানো এবং পরিকল্পিত। ইংলিশ কোচ পিটার বাটলার যেভাবে বলেছিলেন, ঠিক সেভাবেই মাঠে নেমেছে তার দল। হাই লাইনে খেলিয়ে নেপালকে চেপে ধরেন আফিদারা। মাঝমাঠে পজেশন ধরে রেখে ধাপে ধাপে আক্রমণে উঠছিলেন কৃষ্ণা-মুনকিরা। এর ফলও মেলে দ্রুতই।
তবে নেপালও ম্যাচ থেকে ছিটকে পড়েনি। তারা বারবার চেষ্টা করেছে কাউন্টার অ্যাটাকে গোল বের করতে। বিশেষ করে তাদের উইং থেকে তারা বেশ কিছু দারুণ বল বাড়িয়েছেন বাংলাদেশের ডিফেন্সে। কিন্তু শেষ রক্ষায় মিলি আকতার ছিলেন অটল। একাধিক সেভ করে তিনি দলকে এগিয়ে রাখেন।
২১তম মিনিটে বাংলাদেশের গোল বাড়ানোর একটি বড় সুযোগ হাতছাড়া হয়। থ্রু পাস থেকে মুনকি আকতার চিপ করে বল তুলে দেন, কিন্তু গোললাইন থেকে স্লাইড করে বল ক্লিয়ার করেন মানিশা গুরুঙ্গ। সে সময় গোটা গ্যালারি দাঁড়িয়ে পড়েছিল গোলের জন্য, কিন্তু হয়নি।
প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থাকলেও, কোচ বাটলার নিশ্চয়ই চান দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে। তার দল যেভাবে ধারাবাহিক পারফর্ম করছে, তাতে বড় জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। বিশেষ করে বাংলাদেশের বেঞ্চ এখন এতটাই শক্তিশালী যে যেকোনো সময় মাঠে নেমে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।ত
এই ম্যাচটি লিগ পর্বের শেষ ম্যাচ। নেপালের পয়েন্ট ১২, বাংলাদেশের ১৫। তাই ড্র করলেই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। তবে লাল-সবুজ শিবির পরিষ্কার—তারা শিরোপা জিততে চায় জয় দিয়েই।


