৫ দিন ধরে সাগরে ভাসতে থাকা ২৬ জেলে উদ্ধার

৫ দিন ধরে সাগরে ভাসতে থাকা ২৬ জেলে উদ্ধার
সাগরে ভাসতে থাকা জেলেদের উদ্ধার করেছে বাংলাদেশে নৌবাহিনী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ২৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তারা পাঁচ দিন ধরে ভাসছিলেন।

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা মহিবুল্লাহ’ ওই জেলেদের উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা সবাই কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর বাসিন্দা।

মঙ্গলবার নৌবাহিনীর মিডিয়া কর্মকর্তা সিয়াম উল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন ‘এমভি তাজমিনুর রহমান’ নামের মাছ ধরার ট্রলারটি কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে বিকল অবস্থায় পাওয়া যায়।

জেলেরা জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর ট্রলারটি মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। ৩ অক্টোবর তীরে ফেরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা মাঝসমুদ্রে আটকা পড়েন।

আরও পড়ুন

নৌবাহিনীর কর্মকর্তা জানান, সমুদ্রে টহলরত অবস্থায় একটি ট্রলারের গতিবিধি অস্বাভাবিক মনে হলে ‘বানৌজা মহিবুল্লাহ’ তার দিকে এগিয়ে যায়। কাছাকাছি গিয়ে তারা জেলেদের সাহায্যের সংকেত দেখতে পান। পরে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জেলেদের নিরাপদে উদ্ধার করা হয়।

ক্ষুধার্ত ও ক্লান্ত জেলেদের উদ্ধার করার পর নৌসদস্যরা তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেন। এরপর ট্রলার ও জেলেদের নিরাপদে তীরে এনে পরিবার ও মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

মা ইলিশ সংরক্ষণে গত ৪ অক্টোবর থেকে সাগরে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে নৌবাহিনীর ১৭টি যুদ্ধ জাহাজ। এসব জাহাজ বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলসহ নয় জেলায় নিয়মিত টহল পরিচালনা করছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর