হাসিনার রায়ের ‘বিপক্ষে’ পোস্ট করে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

হাসিনার রায়ের ‘বিপক্ষে’ পোস্ট করে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক
ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহকে (মাঝে) আটক করেছে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ‘বিপক্ষে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড শেয়ার করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

সোমবার মধ্যরাতে তার নিজ বাসার সামনে জড়ো হয় প্রক্টরিয়াল টিম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নেতারা। পরবর্তীতে শাহবাগ থানা পুলিশ গিয়ে তাকে আটক করে।

টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালেদ মনসুর। তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিষয়গুলো যাচাই-বাছাই করছি।’

গ্রেপ্তার হওয়ার আগে বাসায় রেকর্ড করা এক ভিডিও বার্তায় লাভলু মোল্লাহ বলেন, ‘বিনা অপরাধে আমাকে কেন গ্রেপ্তার করছে আমি জানি না।’

তিনি আরও বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। শেখ হাসিনা বাংলাদেশে আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

আরও পড়ুন

এ বিষয়ে ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘লাভলু মোল্লাহ শেখ হাসিনার রায়ের পরে বলেছে, “আই ডোন্ট কেয়ার”। সে যেই হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

তিনি আরও জানান, প্রায় চার মাস আগে ফাইলে ‘কারচুপির’ অভিযোগে তাকে ‘অব্যাহতি’ দেওয়া হয়েছে।

জানা গেছে, লাভলু মোল্লাহ ছাত্রজীবনে ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া লাভলু মোল্লার পোস্ট। ছবি: ফেসবুক থেকে

বিক্ষোভকারীদের একজন ঢাবির মহসিন হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সাদিক শিকদার টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আদালতের রায় অবমাননা করে সে একটি স্ট্যাটাস দিয়েছে। যার কারণে তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে।’

এ বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘লাভলুরে পুলিশের হাতে সোপর্দ করে এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর