বোটক্লাব সভাপতি, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে করা মামলার জেরার জন্য আদালতে হাজির হন এ মামলার বাদী চিত্রনায়িকা পরীমণি। তবে আদালতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর জেরাতে না থেকে আবেদন দিয়ে আদালত ছাড়েন তিনি।
সোমবার সকাল ১১টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে হাজির হন পরিমনি। এরপর সকাল সাড়ে ১১টার দিকে জানানো হয়, এ মামলায় বিকেল সাড়ে ৩ টার দিকে আসামিপক্ষের আইনজীবীরা পরীমনিকে জেরা করবেন। এরপর পরীমনি নিজ গাড়িতে বসে ছিলেন। এভাবে সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করেন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে আদালতে তা জানিয়ে জেরার জন্য সময় চেয়ে আবেদন করেন পরীমণি। আদালত আবেন মঞ্জুর করে জেরার জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছে। সে সময় আদালত ছাড়েন পরীমনি।
ওই মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং আরো চারজন অজ্ঞাতনামাকে আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমনি। ওই বছরের ৬ সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।
২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় আদালত। সে বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। গত বছরের ২৪ জুলাই আদালতে জবানবন্দি দিতে ইতস্তত বোধ করেন পরীমনি। তার আইনজীবী ‘ক্যামেরা ট্রায়ালের’ মাধ্যমে বিচারকাজ করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে গত বছরের ২২ সেপ্টেম্বর এ মামলায় পরীমনির জবানবন্দি রেকর্ড শেষ হয়।


