শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী
রাজশাহী সিটি করপোরেশনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আইনি জটিলতা কাটিয়ে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে এবং এবারের নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার বিকালে রাজশাহী সিটি করপোরেশনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার আন্তরিক। তবে কিছু আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় বিলম্ব হচ্ছে। সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে পাস হয়ে আইন আকারে কার্যকর হলেই দ্রুত নির্বাচন আয়োজন করা হবে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করে প্রশাসক নিয়োগের বিধান করা হয়েছিল। একই সঙ্গে দলীয় প্রতীক বাদ দিয়ে সাধারণ প্রতীকে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেওয়া হয়, যা বর্তমানে সংসদের বিশেষ কমিটিতে রয়েছে।

আরও পড়ুন

মীর শাহে আলম আরও বলেন, ‘সংসদে অধ্যাদেশগুলো পাস হওয়ার পর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে।’ এক মাসের মধ্যেই এসব প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। ততদিন পর্যন্ত নিয়োগপ্রাপ্ত প্রশাসকরাই দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণকাজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজ অ্যাপ্রোচ সড়ক না থাকায় ব্যবহারযোগ্য হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমস্যার সমাধানে কাজ করবে।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর