শিক্ষার প্রতিটি স্তরে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়ে মানোন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, ‘আগামী পৃথিবী হবে কঠিন ও প্রতিযোগিতামূলক। তাই শিক্ষার্থীদের এখন থেকেই কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার বিকাশে মনোযোগী হতে হবে।’
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২০২৬ শিক্ষাবর্ষে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ জন কৃতী শিক্ষার্থীর সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তা প্রদান এবং ক্রীড়া সামগ্রী ও শিক্ষার উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার গলাচিপা উপজেলা অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আ. লতিফ মাসুম, অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ গলাচিপা মো. ইমতিয়াজ আহমেদ, বিএনপির আহ্বায়ক হাজী মো. গোলাম মোস্তফা এবং গলাচিপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির।
এ সময় গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
আলোচনা শেষে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও শিক্ষার উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


