রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতা কে অব্যাহত রাখতে হবে। প্রমাণ করতে হবে রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়। রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া। যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় বা যেতে চায় তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা প্রমাণ করতে হবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যপী বৃক্ষরোপণ কর্মসূচীর সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন জানিয়ে তথ্যমন্ত্রী জিয়াউর রহমান ফাউন্ডেশনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান৷
এ সময় প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর বরিশাল সফর মূলত বৃক্ষরোপনকে কেন্দ্র করেই। এ সময় প্রধানমন্ত্রী দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে এবং দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে এ অঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন।


