রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে অষ্টম শ্রেণির ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী। উড্ডয়নের ১২ মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে।
ভিন্ন একটি সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ বিমানটির বৈমানিক ছিলেন স্কোডেন লিডার তৌকির। দুর্ঘটনার আগে তিনি স্বয়ংক্রিয়ভাবে বিমান থেকে বের হতে পারেননি। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে ওই দুর্ঘটনা হয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। আহতদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপির) দুর্ঘটনার খবর নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তরায় বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি এফ- সেভেন বিজিআই মডেলের।
বিমানটি বেলা ১ টা ৬ মিনিটে উড্ডয়ন করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম জানান, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওখানে বেলা ১টা ১৮ মিনিটে ওই বিমানটি বিধ্বস্ত হয়। তিনি বলেন, ‘আমাদের দল একজনের লাশ উদ্ধার করেছে। বিমান বাহিনীর লোকজন কয়েকজনকে আহত অবস্থায় নিয়ে গেছে।’


