চীনা কোম্পানি অ্যারোসিন্থ লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩৫ লাখ ডলার বিনিয়োগ করে একটি উচ্চ প্রযুক্তির ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এই তথ্য নিশ্চিত করেছে।
এই কারখানাটি হবে ওই অর্থনৈতিক অঞ্চলের দ্বিতীয় ড্রোন উৎপাদন প্রকল্প। যা বেপজার উন্নত প্রযুক্তিভিত্তিক শিল্পের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।
অ্যারোসিন্থ বছরে দেড় লাখ ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করবে। যার মধ্যে উৎপাদন করা হবে খেলনা ড্রোন, ফিশিং ড্রোন এবং হালকা ওজনের ডেলিভারি ড্রোন। এই প্রকল্পে ৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।
বুধবার ঢাকার বেপজা কমপ্লেক্সে এই ইজারা চুক্তি সই হয়। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের উপস্থিতিতে চুক্তিতে সই করেন বেপজার বিনিয়োগ উন্নয়ন বিষয়ক সদস্য মো. আশরাফুল কবীর এবং অ্যারোসিন্থের প্রতিনিধি হু ড্যানড্যান।
এসময় উচ্চ-প্রযুক্তি খাতের বিনিয়োগের গন্তব্য হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বেছে নেওয়ার জন্য অ্যারোসিন্থকে ধন্যবাদ জানান নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য নির্বিঘ্ন শিল্প পরিচালনা নিশ্চিত করতে বেপজা সব ধরনের সহায়তা দেবে।
মীরসরাই জোনে ড্রোন উৎপাদনে বিনিয়োগকারী প্রথম প্রতিষ্ঠান হলো স্থানীয় কোম্পানি স্কাই বিস লিমিটেড। এই কোম্পানিটি ৪ কোটি ৫৯ লাখ ৫০ হাজার ডলার ব্যয়ে একটি মনুষ্যবিহীন আকাশযান (আনম্যানড এরিয়াল ভেহিকল) প্ল্যান্ট স্থাপন করছে। যা কৃষিক্ষেত্রে স্প্রে, অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার, ডেলিভারি, সিনেমাটোগ্রাফি এবং ম্যাপিংয়ের জন্য বছরে ৭ হাজার ৩১৪টি ড্রোন উৎপাদন করবে।
চুক্তি সই অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর রহমান, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং অ্যারোসিন্থ লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।


