দুই দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পাচ্ছে হবিগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি। এরই মধ্যে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। একটি বাধে দেখা দিয়েছে ভাঙ্গন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার দুপুরে খোয়াই নদীর পানি চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে বিপৎসীমার ২২০ সেন্টিমিটার ও শহরের মাছুলিয়া পয়েন্টে ২১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদীর পানি আজমিরীগঞ্জ পয়েন্টে ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বানিয়াচংয়ের খোয়াই নদীর রামপুর বাধ ভেঙে হাওরে প্রবেশ করেছে পানি। এছাড়া সুতাং, করাঙ্গি ও সোনাই নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী এলাকা ও হাওরাঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দেখা দিয়েছে আকষ্মিক বন্যার আশঙ্কা।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, উজান ও দেশের ভেতরে ব্যাপক বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এখন পর্যন্ত বন্যার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। তবে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পূর্বাভাস পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে।


