ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তিন জন মারা গেছেন। শনিবার রাতে ঢাকা-ফরিদপুর মহাসড়কের নওপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের চয়ন মোল্লা (২৩), তার বন্ধু নয়ন (২৩) ও সজীব শেখ (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর নগরকান্দা থেকে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে যান। এরপর ঘোরাঘুরি শেষে তারা বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় তারা ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় পৌঁছালে একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক চয়ন নিহত হন। এ সময় গুরুতর আহত হন অপর দুইজন।
পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে রাতেই তাদের ঢাকায় পাঠানো হলে রাস্তায় একজন ও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন তরুণের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’


