জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গী হিসেবে যুক্ত হচ্ছেন জামায়াতে ইসলামী এবং এনসিপির আরও দুই নেতা।
এরা হলেন-জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র নকিবুর রহমান তারেক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।
জামায়াতের সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলদুটির আলাদা সূত্র বলছে, প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় জামায়াত ও এনসিপি থেকেও দুজন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন কঠিন হওয়ায়, এনসিপি তাসনিম জারার নাম প্রস্তাব করে। যার আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা ছিল। সে অনুযায়ী রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে তিনিও যোগ দিচ্ছেন প্রতিনিধি দলে।
এছাড়া নকিবুর রহমান যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন, ফলে তাকে নিয়ে ভিসা জটিলতার মধ্যে পড়তে হয়নি জামায়াতকে। নিউইয়র্কেই তিনি বাংলাদেশি প্রতিনিধি দলটির সঙ্গে যুক্ত হবেন।
রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা।
পূর্ব ঘোষণা অনুযায়ী, তার সঙ্গে আরও যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।


