বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি ও পদায়নের মধ্যে রয়েছেন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত আলাদা তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলি ও পদায়ন করা হয়।
ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) এবং মু. মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার মো. হুমায়ুন কবীরকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) থেকে পুলিশ অধিদপ্তরে একই পদে, মো. তোফায়েল আহমেদ মিয়াকে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং মোহাম্মদ নাজমুল আলমকে এপিবিএনের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) থেকে ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদায়ন দেওয়া হয়েছে।
এ ছাড়া মো. জাফর হোসেন পিবিআইয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) থেকে সিআইডিতে একই পদে বদলি হয়েছেন।
পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে মো. আসলাম উদ্দিন, ডিএমপির উপপুলিশ কমিশনার থেকে পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন।
মো. শাহাদাত হোসেন এপিবিএনের পুলিশ সুপার থেকে পিবিআইয়ের পুলিশ সুপার, এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন বিশেষ পুলিশ সুপার, এসবি থেকে পিবিআইয়ের পুলিশ সুপার, মো. আবদুর রহমান আরপিএমপির উপপুলিশ কমিশনার থেকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন।
একই প্রজ্ঞাপনে মো. আবুল কালাম আজাদ পিবিআইয়ের পুলিশ সুপার থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাজীপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার), এস. এম. সিরাজুল হুদা গাজীপুরের কমান্ড্যান্ট থেকে ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, মোহাম্মদ খালেদ-উজ-জামান পিবিআইয়ের পুলিশ সুপার থেকে সিআইডির পুলিশ সুপার এবং এস এম রফিকুল ইসলাম পিবিআইয়ের পুলিশ সুপার থেকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন।
অন্যদিকে মো. রিয়াজুল কবির সিলেটের উপপুলিশ কমিশনার থেকে পুলিশ সুপার হিসেবে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত হয়েছেন।
এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মো. রেজাউল করিম এসবি থেকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে এবং মোহাম্মদ নুরুল আমীন নোয়াখালী থেকে একই স্থানে অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে সংযুক্ত হয়েছেন।
দুই কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল
প্রজ্ঞাপনে আগের দুটি বদলির আদেশও বাতিল করা হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ১১ ডিসেম্বরের প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি (পুলিশ অধিদপ্তর) হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
এ ছাড়া ২০২৬ সালের ৫ মে জারি করা প্রজ্ঞাপনে ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে পুলিশ সুপার, নড়াইল হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।


