সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে সরকার বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণার্থীদের সনদ ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সমাজসেবা অধিদপ্তর দেশের দুস্থ, এতিম ও অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিদের জন্য নানামুখী সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এ অধিদপ্তর বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী এবং প্রতিবন্ধীদের ভাতা প্রদান করে থাকে।’
এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট, শিক্ষা উপবৃত্তি, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা প্রদানসহ ভিক্ষাবৃত্তি নিরসন ও দরিদ্র মানুষের কল্যাণে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে সরকারের এই দপ্তর, যোগ করেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘সামাজিক সেবার পরিধি আরও বাড়াতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে।’ তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফরিদুল আলম। বক্তৃতা করেন বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।
পরে ধর্ম উপদেষ্টা ২০২৪-২৫ অর্থবছরের জন্য চট্টগ্রাম জেলার নিবন্ধিত ১৮১টি সংস্থার প্রতিনিধির হাতে মোট ৬৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান, ৪১ জন দরিদ্র ও অসহায় ব্যক্তির হাতে চার লাখ ১০ হাজার টাকার চেক, ১০২ জন ক্ষুদ্র উদ্যোক্তার হাতে ৪৫ লাখ টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।


