পানিসম্পদমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে পানিসম্পদমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। তিনি দুই দেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার তিন মাস অতিবাহিত করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন হলে অচিরেই ‘তিস্তা মহাপরিকল্পনা’ অনুমোদিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বাংলাদেশে গণতন্ত্র সুসংহতকরণ, মানবাধিকার সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে অতীতে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ছিল, আগামীতেও তা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় পানিসম্পদ সচিব একেএম শাহাবুদ্দিন, মার্কিন দূতাবাসের অর্থনৈতিক শাখা প্রধান মাইক পেনেল এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা চার্লস বেসনার্ড উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর