নব্বই দশক থেকে বাংলাদেশের মডেলিং জগতে জনপ্রিয়তার শীর্ষে থাকা নামগুলোর মধ্যে অন্যতম সাদিয়া ইসলাম মৌ। মডেল হিসেবে তিনি নিজেকে আলাদা উচ্চতায় প্রতিষ্ঠা করেছেন। ১৯৮৯ সালে মডেলিংয়ে পথচলা শুরু তার। সে সময় একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য তার সঙ্গে রেকর্ড এক লাখ টাকা পারিশ্রমিকের চুক্তি হয়েছিল—যা তখনকার সময়ের জন্য ছিল বিরল ঘটনা। সেই শুরু থেকে আজ পর্যন্ত তিনি বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী মডেল হিসেবে পরিচিত। জনপ্রিয়তার দিক থেকেও দীর্ঘ সময় ধরে তিনি অন্যদের থেকে এগিয়ে আছেন।
শুধু মডেল হিসেবেই নয়, মৌ দেশের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রীও। বহু বছর ধরে টেলিভিশনের পর্দায় তার সৌন্দর্য ও উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। তার অনুপ্রেরণায় মডেলিংয়ে এসেছেন পরবর্তী প্রজন্মের অনেক নায়িকা ও অভিনেত্রী।
১৯৭৬ সালের ২১ জুন জন্ম নেওয়া এই তারকার বয়স এখন প্রায় পঞ্চাশের কাছাকাছি। তবু তিনি নিজেকে রেখেছেন ফিট, সুস্থ ও প্রাণবন্ত। কীভাবে এত বছর ধরে নিজেকে এমন ফিট রাখছেন—সেই রহস্য সম্প্রতি নিজেই জানিয়েছেন মৌ।
তিনি বলেন, সন্তানের জন্মের পর একসময় তার ওজন অনেক বেড়ে গিয়েছিল। তখন একজন নিউট্রিশনিস্টের তত্ত্বাবধানে তিনি ডায়েট শুরু করেন। সেই নিউট্রিশনিস্ট ছিলেন ডা. শম্পা, যিনি শমরিতা হাসপাতালে বসেন। তার পরামর্শ মেনে টানা নয় মাস ডায়েট অনুসরণ করেন মৌ।
মৌ আরও বলেন, অনেকেই মনে করেন তিনি নাকি ওষুধ খেয়েছেন বা অস্ত্রোপচার করিয়েছেন। কিন্তু বাস্তবে এমন কিছুই করেননি। তিনি শুধু একজন নিউট্রিশনিস্টের পরামর্শে নিয়মিত ডায়েট মেনে চলেছেন। সেই সঙ্গে প্রতিদিন ৪০ মিনিট থেকে এক ঘণ্টা হাঁটা ছিল তার রুটিনের গুরুত্বপূর্ণ অংশ। তার মতে, হাঁটার মতো ভালো ব্যায়াম খুব কমই আছে। নিয়মিত হাঁটলে শরীরের পাশাপাশি মনও ভালো থাকে।
এখন আর আগের মতো নিয়মিত মডেলিং করেন না মৌ। তবে নৃত্যে এখনো সক্রিয় তিনি। বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি নাটকেও অভিনয় করছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘চিত্রাঙ্গদা’, ‘শ্যামা’, ‘মায়ার খেলা’, ‘চণ্ডালিকা’ ও ‘নকশীকাঁথার মাঠ’। এছাড়া ‘অল দ্য বেস্ট’, ‘বদনাম’, ‘মনে পড়ে রুবি রায়’ ও ‘নীল আকাশ প্রেম বিষ’সহ আরও বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি।
পেশাগতভাবে বর্তমানে তিনি বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিজীবনে তিনি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের স্ত্রী। তাদের দুই সন্তান—পুষ্পিতা ও পূর্ণ।


