নওগাঁয় রিকশাচালক বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে সুমন (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় শহরের সুলতানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার সুমন শহরের বনানীপাড়া এলাকার বাসিন্দা। নিহত মাহাতাব সরকার (৬২) তার বাবা এবং পেশায় রিকশাচালক ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি হতো। মাদকাসক্তির কারণে প্রায় এক বছর আগে তার স্ত্রী সুমা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে চলে যান। কয়েকদিন আগে তিনি বাড়িতে ফিরে এলে আবারও পারিবারিক কলহের সৃষ্টি হয়।
পুলিশের ভাষ্য, গত রোববার রাত ১২টার দিকে সুমন বাবার কক্ষে গিয়ে শুয়ে পড়েন। একপর্যায়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডার জেরে তাকে ঘর থেকে উঠানে নিয়ে কাঠের বাটাম ও ইট দিয়ে আঘাত করেন। এতে মাহাতাব সরকার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর সুমন পালিয়ে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখাকে আসামি গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শহরের সুলতানপুর এলাকা থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় সুমনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


