বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশের মাত্র একজন ব্যক্তি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান না, আর তিনি হলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।’ শুক্রবার সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে দলীয় নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাপান সফররত ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়ায় আব্বাস বলেন, ‘ইউনূস জাপানে বসে বলছেন, একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। অথচ তিনিই প্রথমে ডিসেম্বরের কথা বলেছিলেন, এখন আবার জুনের কথা বলছেন। আমরা স্পষ্ট করে বলছি, জুনে নয়—নির্বাচন ডিসেম্বরে হতে হবে।’
তিনি বলেন, ‘আমরা জনগণের মাধ্যমে এই নির্বাচন আদায় করব। না হলে দেশের ভৌগলিক অখণ্ডতা হুমকির মুখে পড়বে।’
সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। তার ভাষায়, ‘বর্তমান সরকার সংস্কারের নামে বিদেশি পরামর্শক আমদানি করেছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়া দেশীয় উদ্যোগেই সংস্কার করেছেন।’
এর আগে মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদসহ অন্যান্য নেতা।
দোয়া-মাহফিল শেষে জিয়াউর রহমানের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে তার শাহাদাতের ইতিহাস স্মরণ করে নেতারা বলেন, ‘শহীদ জিয়াই দেশের সত্যিকারের সংস্কারক।’


