যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠির জবাব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘আইনিভাবে দেওয়া হবে’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। লন্ডনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা চিঠি পেয়েছি।’
এর আগে টিউলিপের চিঠি পাওয়ার বিষয়ে অস্বীকৃতি জানালেও, এবার তিনি নিশ্চিত করলেন চিঠি হাতে পেয়েছেন। সাংবাদিকরা চিঠির জবাব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি একটি আইনি বিষয় (লিগ্যাল ইস্যু) “আইনিভাবেই জবাব দেওয়া হবে।”
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, মুহম্মদ ইউনূসের লন্ডন সফরে তার সঙ্গে দেখা করতে চিঠি পাঠিয়েছেন টিউলিপ।
অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি ও তার মা একটি বড় প্লট পেয়েছেন। টিউলিপ এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছেন।
এদিকে, ইউনূস লন্ডন সফরে ব্রিটিশ এমপি, এয়ারবাস কর্মকর্তাসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করছেন। শুক্রবার তারেক রহমানের সঙ্গেও বৈঠক হবে বলে প্রেস সচিব নিশ্চিত করেছেন।
চার দিনের সফরে ইউনূসের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন। সফরে তিনি ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের বৈঠকেও অংশ নিয়েছেন তিনি, তবে টিউলিপ সিদ্দিক সেখানে উপস্থিত ছিলেন না।


