মহাসড়কে নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে পরিবহন শ্রমিকেরা।
বুধবার বিকাল থেকে বাস চলাচল বন্ধ থাকলেও রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষনা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জানান, বুধবার সকালে জামালপুরগামী ও ঢাকাগামী দুটি বাসে হামলার পর পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ ঘোষণা করায় দূর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। বাস বন্ধ থাকায় বিকল্প পদ্ধতিতে ভোগান্তি মাথায় নিয়ে ছোট যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে দূরপাল্লার যাত্রীদের।
বাস স্ট্যান্ডে আসা এক যাত্রী বলেন, ‘আমি ঢাকা যাবো। সকালে স্ট্যান্ডে এসে দেখি বাস চলাচল বন্ধ। কিন্তু আমার ঢাকা যাওয়াটা খুব প্রয়োজন। এখন ভেঙ্গে ভেঙ্গে টাঙ্গাইল জেলার ধনবাড়ী বা মধুপুর পর্যন্ত যেতে হবে। এরপর আমি ঢাকা যাবার বাস পাবো।’
বাস স্ট্যান্ডে আসা রিফাত নামের এক যাত্রী বলেন, ‘বাস মালিক-চালকরা তাদের কথা চিন্তা করে বাস চলাচল বন্ধ করে দিলো। কিন্তু যাত্রীদের কথা একটি বার চিন্তা করলো না। তাদের এই সিদ্ধান্তের কারণ আমাদের যে কতটা দূর্ভোগ হবে, সেই বিষয়টি তারা জেনে বুঝেও এমন সিদ্ধান্ত নিলেো। এখন আমাদের ভেঙ্গে ভেঙ্গে ময়মনসিংহ পর্যন্ত যেতে হবে। এরপর ঢাকা যাবার বাস পাবো।”
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অ্যপস) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘সাধারণ যাত্রীদের দূর্ভোগ কমাতে ও বাস চলাচল স্বাভাবিক করতে আমরা, স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন মিলে পরিবহন নেতাদের সাথে কথা বলছি। আশা করছি খুব কম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে।’
তবে সার্বিক বিষয়ে জানতে জামালপুরের জেলা প্রশাসক ইউসূপ আলীকে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।


