জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ সভাপতি নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি।
রোববার বিশ্ববিদ্যালয়ের নকশীকাঁথা ভবনে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগণনা শেষে দুপুর ২টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ সাদীকুর রহমান।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ক্যাম্পাস টাইমসের প্রতিনিধি মো. জসিম উদ্দিন। সভাপতি ও সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সহসভাপতি পদে এডুকেশন টাইমসের আল শাহরিয়া রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এশিয়া পোস্টের মো. নাঈম ইসলাম, অর্থ সম্পাদক পদে দ্য ডেইলি চেক পোস্টের মো. ইকরাম মাহমুদ প্রধান এবং দপ্তর সম্পাদক পদে দ্য স্টুডেন্ট জার্নালের মিরাজ হোসেন নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুরনিউজ২৪ ডটকমের মো. মিরাজুল ইসলাম, দ্য ডেইলি ক্যাম্পাসের মো. বেলাল হোসাইন এবং নবধারার আহাদুজ্জামান অনন্ত।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সাদীকুর রহমান জানান, সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ৯ অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান।
ভোটগ্রহণ চলাকালে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা কেন্দ্র পরিদর্শন করেন। জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক লিটন আকন্দ, ছাত্রদল নেতা ইফতেখাইরুল ইফতি ও আমান উল্লাহ এবং ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদ ও সেক্রেটারি ফাহাদ আহমদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জামালপুর জেলা প্রেস ক্লাব, প্রেস ক্লাব জামালপুর এবং মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির নেতারা নির্বাচন পর্যবেক্ষণ করেন ও নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।
এ ছাড়া স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারাও নির্বাচন পর্যবেক্ষণ করেন। এ সময় জামালপুর জেলা প্রেস ক্লাব, প্রেস ক্লাব জামালপুর এবং মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির নেতারা উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।


