ছাত্রলীগকর্মী তাহসিন হত্যা: ৩ দিনের রিমান্ডে ডেভিড ইমন

ছাত্রলীগকর্মী তাহসিন হত্যা: ৩ দিনের রিমান্ডে ডেভিড ইমন
ফাইল ফটো
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগকর্মী আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, তাহসিন বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চুর অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ২১ অক্টোবর নগরের চান্দগাঁও থানার অদূরে জাগরণী সংঘ ক্লাব এলাকায় একটি কালো নোয়া গাড়িতে করে এসে সন্ত্রাসীরা এমইএস কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী তাহসিনকে গুলি করে হত্যা করে। পরে ২২ অক্টোবর রাতে নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন।

মামলায় সন্ত্রাসী সাজ্জাদসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়। পুলিশ জানিয়েছে, ইট ও বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে তাহসিনকে হত্যা করা হয়।

গত ২৫ আগস্ট এ মামলায় ডেভিড ইমনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়।

আরও পড়ুন

এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ১৩ জুন চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্ত এবং ধারাবাহিক গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয় বলে পুলিশ জানায়।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, সিএমপিতে ডেভিড ইমনের নামে মোট পাঁচটি মামলা রয়েছে। আরও কয়েকটি মামলায় পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।

তিনি আরও বলেন, সোমবার শুনানিতে গত বছরের ২৩ মে সংঘটিত আরেক সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৪৪) হত্যা মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

এ ছাড়া গত ১৩ জুলাই দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় চট্টগ্রামের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) কার্যালয়ে চাঁদা দাবি ও হামলার ঘটনায় করা মামলাতেও ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে বলে জানান তিনি।

এর আগে চট্টগ্রাম জেলার কয়েকটি থানার মামলায় ডেভিড ইমনকে কয়েক দফা রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর