চোরাচালান বন্ধ না হলে ইউএনও-ওসিকে ছাড় নয়: প্রবাসী কল্যাণমন্ত্রী

চোরাচালান বন্ধ না হলে ইউএনও-ওসিকে ছাড় নয়: প্রবাসী কল্যাণমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিলেট সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধ না হলে ইউএনও কিংবা ওসি, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার জৈন্তাপুর উপজেলায় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, ‘প্রশাসন ও থানার নাকের ডগা দিয়ে অবৈধ পণ্য বাজারে ঢুকবে, এটা মেনে নেওয়া যায় না। আগামী তিন সপ্তাহ শুধু প্রচারণা চালান। তারপর ১ আগস্ট থেকে কঠোর অভিযান শুরু হবে। আমি দেখে নেব চোরাচালান কীভাবে চলে।’

সামাজিক সচেতনতা তৈরিতে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘বাজারের ব্যবসায়ী ও সীমান্ত এলাকার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করুন। এলাকার মুরুব্বি ও আলেম-ওলামাদের নিয়ে সামাজিকভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা চালান।’ পুরো জুলাই মাসজুড়ে এই সচেতনতামূলক কাজ চলবে।

এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, আগামী ১৯ জুলাই মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি চালু করার পরিকল্পনা আছে। একই সঙ্গে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খুব শিগগিরই একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, পুলিশ সুপার মো. যাবের সাদেক, ১৯ বিজিবির উপঅধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মুমিন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় ও সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর