খুলনায় মাছের ঘের থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় দৌলতপুর থানার কার্তিককুল এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় কার্তিককুলের নাসিরের ঘেরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা আরও জানায়, গত চারদিন আগে বাগেরহাট জেলার মোংলার মনিরুল ইসলাম রনি নামের এক যুবক তার মামা বাড়িতে বেড়াতে আসে। তিনদিন আগে সে নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়। নিখোঁজের পরের দিন তার মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
মরদেহের প্যান্ট ও কোমরের বেল্ট দেখে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে নিহত ব্যক্তিই রনি বলে শনাক্ত করলেও লাশটি বিকৃত থাকায়, তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক-উত্তর) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাকিয়া সুলতানা বলেন, মরদেহটি বিকৃত থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি আর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


