ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।
প্রধানমন্ত্রী মেলোনি একইসঙ্গে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। ইতালির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর দিয়েছে বিবিসি ও এনডিটিভি।
দুই দেশের মধ্যে এই সমঝোতা স্মারকটি ২০০৩ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সময়ে স্বাক্ষর হযয়েছিল। এই চুক্তির ফলে প্রতিরক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার সুযোগ তৈরি হয়। ইতালি ২০০৫ সালে চুক্তিটি অনুমোদন করার পর থেকে প্রতি পাঁচ বছর অন্তর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হচ্ছিল। তবে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মেলোনি এই ধারা স্থগিত করার সিদ্ধান্ত নিলেন।
সম্প্রতি লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি বহরে ইসরায়েলি বাহিনীর গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই হামলায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ মারা যাননি। ইতালি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে। এর জবাবে গত সোমবার ইতালির রাষ্ট্রদূতকেও তলব করে ইসরায়েল।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলাকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন। তিনি সম্প্রতি লেবানন সফর করে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন ও পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজজির সঙ্গে বৈঠক করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাজানি বলেন, লেবাননের জনগণের ওপর ইসরায়েলের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি লেবাননের জনগণের প্রতি ইতালির সংহতি প্রকাশ করেন। মূলত শান্তিরক্ষীদের ওপর হামলা ও লেবানন পরিস্থিতির কারণেই দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কে ছেদ পড়ল।


