আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সংগঠনগুলোর বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ড, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদ এবং সতর্কতামূলক অবস্থান জানান দিতে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এসব সমাবেশ থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের আর কোনো সুযোগ নেই। জনগণ ও দেশের সব গণতান্ত্রিক শক্তি ফ্যাসিবাদের যেকোনো ইঙ্গিত বা অশুভ তৎপরতা প্রতিহত করতে ঐক্যবদ্ধ আছে।

মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় নয়াপল্টনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে এক রক্তপিপাসু দুঃশাসন কায়েম করেছিল। গুম ও ক্রসফায়ারের সেই রাজত্ব এ দেশের জনগণ আর কখনো ফিরে আসতে দেবে না।

যারা জনগণের জীবন থেকে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন এবং বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন নানা কায়দায় তাদের পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বপ্রিয় জনগণ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের যেকোনো অশুভ কর্মকাণ্ড প্রতিহত করবে।

আরও পড়ুন

সমাবেশে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক দলের মিছিল

আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক’ কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।

এদিন শান্তিনগর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন ও ফকিরাপুল মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সমাবেশে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় যে লুণ্ঠন চালিয়েছে, সেই অর্থ ব্যবহার করে তারা এখন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। দেশবাসীকে সঙ্গে নিয়ে তাদের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

জবি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীদের উসকানিমূলক তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দাবিতে রাজধানীর বনানী ও গুলশান এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদারের নেতৃত্বে ঢাকার প্রায় ৪৫ থেকে ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর