ছাদখোলা বাসে ট্রফি নিয়ে শহর ঘুরবেন সাবিনারা

ছাদখোলা বাসে ট্রফি নিয়ে শহর ঘুরবেন সাবিনারা
ছবি: বাফুফে
Advertisement
Advertisement

২০২২-এর কাঠমান্ডু কিম্বা ২০২৪-এর সাফ জয়, বাংলাদেশের নারী ফুটবলাররা যখনই দেশের জন্য কোনো বড় সাফল্য নিয়ে এসেছেন, জাতি তাদের বরণ করেছে পরম মমতায়। সেই ঐতিহ্যের পথ ধরেই আজ আরও একবার রাজপথ কাঁপাতে ফিরছেন বাংলার অদম্য কন্যারা। ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে মালদ্বীপকে ১৪-২ গোলে গুঁড়িয়ে দিয়ে সাফ নারী ফুটসালের প্রথম মুকুটটি নিজেদের করে নিয়েছেন সাবিনারা। সেই সোনালী ট্রফি নিয়েই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকায় পা রাখছেন চ্যাম্পিয়নরা।

ইতিমধ্যেই বাফুফে তাদের এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করতে সব আয়োজন সম্পন্ন করেছে। বাফুফে সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটে করে ফিরবেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন ফেডারেশনের শীর্ষ কর্তারা।

বিমানবন্দর থেকে ফুটবলারদের নিয়ে আসা হবে বিশেষভাবে সজ্জিত একটি ছাদখোলা বাসে। সেই বাসে চড়েই তারা শহর প্রদক্ষিণ করে পৌঁছাবেন হাতিরঝিল এম্ফি থিয়েটারে। সেখানে আলোকসজ্জা আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।

ব্যাংককে ছেলেদের দল আগেভাগে বিদায় নিলেও চ্যাম্পিয়ন মেয়েরা সেখানে অবস্থান করেছিলেন বাড়তি দুই দিন।

দলীয় ম্যানেজার ইমরানের তত্ত্বাবধানে জয়ের বোনাস এবং ব্যাংককের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পেয়েছেন তারা। ট্রফি জয়ের উন্মাদনা আর অবসাদ কাটিয়ে এখন তারা ঘরের মাটিতে পা রাখার জন্য মুখিয়ে আছেন।

ছাদখোলা বাসের সংস্কৃতি বাংলাদেশের নারী ফুটবলে এখন সাফল্যের অবিচ্ছেদ্য অংশ। অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে এই দলটি প্রমাণ করেছে, ঘাসের মাঠ হোক কিম্বা ইনডোর কোর্ট, দক্ষিণ এশিয়ায় লাল-সবুজের রাজত্ব এখন অপ্রতিদ্বন্দ্বী। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই রানীদের বরণ করে নিতে হাতিরঝিল থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুধারে হাজারো ফুটবলপ্রেমীর ভিড় জমার অপেক্ষা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস স্পোর্টস
টাইমস স্পোর্টস

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর