সরকারের কোষাগারে আদায় হওয়া ভ্যাটের উল্লেখযোগ্য অংশ অনেক সময়ই যথাযথভাবে সেখানে পৌঁছায় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বুধবার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫’ এর সেমিনারে এ কথা বলেন তিনি।
এ সময়, ভ্যাট ব্যবস্থার সরলীকরণ এবং এর স্বচ্ছতার ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, ‘ভ্যাট ব্যবস্থা এমন হওয়া উচিত, যা সবার কাছে সহজবোধ্য। একটি সহজ সিস্টেমের মাধ্যমে ভ্যাট আদায় নিশ্চিত করা গেলে কারচুপির সুযোগ কমে আসবে।’
‘আমরা যখন ভ্যাট পরিশোধ করি, তখন আমাদের প্রত্যাশা থাকে তা যেন সরকারের কোষাগারে সঠিকভাবে জমা হয়। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে ভ্যাটের একটি উল্লেখযোগ্য অংশ অনেক সময় কোষাগারে পৌঁছায় না’, যোগ করেন তিনি।
দোকানদার এবং ব্যবসায়ীদের জন্য ভ্যাট আইন প্রয়োগে আরও কঠোর হতে হবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের সবার মানসিকতায় পরিবর্তন আনা জরুরি। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
নিজস্ব সম্পদ না বাড়ালে আমরা দেশের উন্নয়নমূলক কাজ, যেমন সামাজিক খাত, শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় নমনীয়তা হারাতে হবে মন্তব্য করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বিদেশি উৎস থেকে ঋণ বা অনুদান হিসেবে কিছু সহায়তা পাই ঠিকই, কিন্তু আপনারা জানেন যে ঋণের বিপরীতে কত রকম সুদ দিতে হয়। আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত অনেক কম। এর মাত্রা বাড়াতে হবে।’
সেমিনারে সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ভ্যাট প্রক্রিয়াকে আরও সহজ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘ভ্যাট হবে সহজ। ব্যবসায়ীরা কেবল বিক্রির ওপর ১৫ শতাংশ ভ্যাট দেবেন। ভ্যাটের জন্য এত বড় বই বা এত আইনের কী দরকার? ভ্যাট হবে সিম্পল। কোনো ব্যবসায়ীকে কনসালটেন্টও রাখতে হবে না। আমরা সফটওয়্যার তৈরি করে দেব। সফটওয়্যারই স্বয়ংক্রিয়ভাবে হিসাব করে ভ্যাট আদায় করে ফেলবে।’
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এনবিআর-এর সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোঃ আজিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদস্য (মূসক নিরীক্ষা) সৈয়দ মুসফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ইয়াসির আজমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী।


