দেশের জলভিত্তিক পর্যটন শিল্পের প্রসার এবং হাওর অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী দ্বিতীয় বাংলাদেশ হাউজবোট ফেয়ার।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত হলে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচওএবি) আয়োজিত বিশেষ এই মেলাটি চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিরা বলেন, টাঙ্গুয়ার হাওর, কাপ্তাই লেকসহ দেশের প্রাকৃতিক জলাভূমিগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পরিবেশবান্ধব পর্যটনের বিকল্প নেই। বক্তারা হাওরের চিরচেনা রূপ ও পরিবেশের কোনো ক্ষতি না করে টেকসই পর্যটন শিল্প গড়ে তোলার আহ্বান জানান।
একইসঙ্গে এই খাতের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।
এবারের মেলায় দেশের শীর্ষস্থানীয় শতাধিক হাউজবোট প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে পর্যটকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ছাড় ও বুকিং সুবিধা দেওয়া হচ্ছে।


